ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে বাংলাদেশে পৌঁছেছে।
বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়ন ও যাত্রীসেবা উন্নয়নের লক্ষ্যে ২০০টি কোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসব কোচ এসেছে।
প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম কোচগুলো বুঝে নেন। রেলওয়ে সূত্র জানায়, দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হচ্ছে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ এসেছে। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা ও যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।
পাকশী রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, বাংলাদেশে প্রবেশের পর কোচগুলো যাচাই করা হয়েছে। প্রাথমিক পরিদর্শনে কোচগুলোর কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে তিনি জানান।
এসএস