জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার নির্দেশ দিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাড়িতে হাজির হয়েছে দিল্লি পুলিশ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শুক্রবার (১৬ অক্টোবর) সেন্ট্রাল পার্কে সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সাধারণ মানুষ ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিল ককরোচ জনতা পার্টি।
দলটির এ কর্মসূচির পেছনে আরেকটি কারণ হলো, সংগঠনটির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের গ্রেপ্তার। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক যন্তর মন্তরকে আন্দোলনের স্থান হিসেবে বাতিল ঘোষণার পরদিন তাঁরা জাতীয় পতাকা হাতে সেখানে প্রবেশ করেন। পরে আদালত তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।
নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) জানিয়েছে, ‘প্রশাসনিক কারণে’ শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, উপযুক্ত কোনো স্থানে নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীকে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে সোফায় বসে আছেন ৩১ বছর বয়সী অভিজিৎ দিপকে। তাঁর সামনে থাকা এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, ‘আমার ওপর এটি আপনারা কী ধরনের অভিযোগ তুললেন?’
কাচের টেবিলে রাখা কয়েকটি কাগজপত্র পরীক্ষা করে সেখান থেকে কিছু অংশ পড়ে শোনাতে দেখা যায় তাঁকে। এ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন দিপকে।
পুলিশের দেওয়া নোটিশের একটি অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়েছে, ‘আপনি (দিপকে) সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জনগণকে উসকানি দিয়ে আসছেন, যা বেআইনি।’
মহাত্মা গান্ধীর ছবি ছাপানো সাদা টি-শার্ট ও নীল জিনস পরা দিপকে পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা কী তামাশা শুরু করেছেন? এটি কী ধরনের নোটিশ, একে কি নোটিশ বলে? আপনাদের যা মনে আসছে, আপনারা তা-ই লিখে যাচ্ছেন।’
পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এসব কী ধরনের তামাশা?’ তাঁকে সহিংসতায় উসকানি দিতে দেখা গেছে- এমন কোনো ভিডিও প্রমাণ থাকলে তা দেখানোর জন্যও পুলিশকে চ্যালেঞ্জ জানান তিনি।
নিজের বাড়িতে পুলিশ কর্মকর্তারা যখন তাঁকে ভিডিও করছিলেন, তখন তাঁদের উদ্দেশে দিপকে বলেন, ‘আপনারা এমন একটা ভিডিওও দেখাতে পারবেন না।’
-টিএস