প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস ত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সহযোগিতায় তিনি ক্যাম্পাস ছাড়েন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতেও শোনা যায়।
আন্দোলনরত শিক্ষার্থী কৌশিক বলেন, “তিনি আর কোনো দিন এই ক্যাম্পাসের মাটিতে পা রাখবেন না—এমন শর্তে আমরা তাঁকে যেতে দিচ্ছি। আমরা তাঁকে প্রত্যাখ্যান করেছি। আমাদের একমাত্র ভিসি সায়েম স্যার।”
এর আগে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসন ও পুলিশের সহযোগিতায় ক্যাম্পাস ছাড়েন তিনি।
অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এ আন্দোলন এবং বর্তমান উপাচার্যের বিরুদ্ধে তাঁদের অবস্থানের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে।
আরএন