আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি জানান, পূজা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. ফারুক হোসেন বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা বা অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, “সবকিছু ঠিক আছে। আমরা মনে করি, পূজা সুন্দরভাবে উদ্যাপিত হবে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই।”
দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের মোতায়েন ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ১৫ অক্টোবর ডিএমপি কমিশনার এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন। এ মুহূর্তে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
আরএন