দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন দলটির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা করবে। প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে স্থানীয় নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বিএনপি নেতারা পূজা উদযাপন কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
খোকন বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব উদযাপনের সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তার পক্ষে বিএনপি।
তিনি আরও বলেন, অতীতেও পূজামণ্ডপের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন। এবারও যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বৈঠকে বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ জয়ন্ত কুমার কুণ্ডু, অপর্ণা রায় দাস, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, পার্থ দে মণ্ডল, জয়দেব রায়, মিল্টন বৈদ্য ও গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন।
-টিএস