টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকেন্দ্রিক ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতা এবং বিভিন্ন সময়ে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ সাহেবের অনুসারী)। একই সঙ্গে ধর্মীয় কার্যক্রমে বাধা বন্ধ, মসজিদে নিরাপত্তা নিশ্চিত এবং বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্য যাচাই করে রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে ইসমাইল মণ্ডল ও শামসুদ্দিন বেলাল এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বেলাল হোসেন ও মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনাগুলোর তদন্ত প্রয়োজন। এ ছাড়া ২০১৯ সালে কিশোরগঞ্জে আব্দুর রহিম রাজন এবং ২০২৩ সালে ঢাকার নিউমার্কেট এলাকায় শামসুল হকের মৃত্যুর ঘটনাও যথাযথভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।
সংগঠনটির দাবি, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় ইজতেমা ময়দান খালি করার বিষয়ে লিখিত সিদ্ধান্ত হয়েছিল। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি ১৭ ডিসেম্বর রাতে ডা. আসগরের নামে প্রচারিত একটি কথিত অডিও রেকর্ডের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের ভাষ্য, তাবলীগের ধর্মীয় কার্যক্রম ও সাংগঠনিক বিষয়গুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি।
এ ছাড়া টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাদের উদ্যোগে ইজতেমা আয়োজনের তারিখ দ্রুত ঘোষণা, ময়দান ব্যবহারে সংশ্লিষ্ট পক্ষগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত এবং বিভিন্ন জেলা ও থানার মার্কাজ মসজিদ নিয়ে বিরোধ আইনানুগভাবে নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে মসজিদে তাবলীগের নিয়মিত কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের পরিস্থিতি ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোনো পরিচয় ব্যবহার করে যেন কেউ বেআইনিভাবে এসব কার্যক্রমে বাধা দিতে না পারে, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়েছে।
সম্প্রতি ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ’ নাম ব্যবহার করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেওয়া বক্তব্যও প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। তাদের দাবি, ওই বক্তব্য অসত্য, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা তাবলীগ জামাতের প্রতিনিধিত্ব করেন না বলেও দাবি করা হয়েছে।
তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান। এতে সরকারকে সংশ্লিষ্ট সব পক্ষের ন্যায্য অধিকার নিশ্চিত করে উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়।
-টিএস/রফিক সরকার