রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-২।
পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ককটেলগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।
সোমবার (১২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুত রাখার তথ্য পায় সংস্থাটি। পরে সেখানে অভিযান চালিয়ে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল শনাক্ত করা হয়।
তিনি জানান, পরে সংস্থাটির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। এরপর সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।
মেজর মুবীন রহমান তাপস আরও জানান, ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
এসএস