ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একাধিক তেল স্থাপনায় হামলার দাবি করেছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা জানায় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জ্যাকা)। হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে একই দিন রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার খবর জানিয়েছিল জ্যাকা। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হলেও তাদের সংখ্যা ও আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এদিকে, এক টেলিভিশন বিবৃতিতে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তাঁর দাবি, হামলাটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
সারি আরও দাবি করেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর শেদগাম গ্যাস প্ল্যান্ট এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের তানাজিব তেল স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে ভবিষ্যতে আরও হামলার হুমকিও দিয়েছেন তিনি।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
-টিএস