রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ১০ অক্টোবরের ওই হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের প্রথাগত নিয়ম অনুযায়ী এটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ।
আল-মালিকি হামলাকে হুথি মিলিশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেন। তার ভাষ্য, এটি মানবিক নীতি ও নৈতিক মূল্যবোধের লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের নিয়ম মেনে জোটের যৌথ বাহিনী কমান্ড এ হামলার দৃঢ় জবাব দেবে।
এই বিবৃতি এলো সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানানোর পর। সংস্থাটি নিশ্চিত করেছে, শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
জিএসিএ জানায়, আহত কয়েকজনের অবস্থা সংকটাপন্ন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, হামলায় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার পরিমাণ নিরূপণের কাজ চলছে। শনিবারের হামলার পর ক্ষয়ক্ষতি যাচাই ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
টিআই