কুড়িগ্রামের রাজাহাটে অভিযান চালিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা একটি চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি ঝাড়খোলা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজাহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর শয়নকক্ষের সিমেন্টে বাঁধানো খাটের নিচে মাটির ভেতরে তৈরি একটি গর্তে লুকিয়ে রাখা চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন মালামালের সন্ধান পায় পুলিশ। পরে সেগুলো উদ্ধার করে জব্দতালিকা প্রস্তুত করা হয়। একই সঙ্গে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে উদ্ধার করা মালামালসহ থানায় নিয়ে আসে পুলিশ।
আটক আব্দুর রাজ্জাক রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের মাঠেরপাড় বাজারে একজন সাইকেল মেকানিক হিসেবে ব্যবসা করেন। তবে উদ্ধার হওয়া চোরাই অটোরিকশাটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।
পুলিশের দাবি, আব্দুর রাজ্জাকের সঙ্গে অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় রাজাহাট থানায় একটি মামলা করা হয়েছে।
রাজাহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, আব্দুর রাজ্জাক শুধু অটোরিকশা চুরির সঙ্গে জড়িত নন, তাঁর একটি বড় চক্র রয়েছে। চক্রটি অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পিএম/এসএস