রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১১ অক্টোবর ২০২৬, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ছাড়া বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণের পরিকল্পনা থেকে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে এবং যাত্রার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে গুজব এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে রবিবার সারাদিন সাজেক সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সাজেকে যাওয়া পর্যটকেরা ভোগান্তিতে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ এসকর্টের মাধ্যমে পর্যটকদের সাজেক থেকে নিরাপদে ফিরে আসা এবং সেখানে প্রবেশের ব্যবস্থা করে।
পরে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচনার পর আগামী ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিতের ঘোষণা দেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের নেতারা।
এম/আরএন