ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন এক নারী সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে বা অন্য কোনো উপায়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ।
নিহত নারীর নাম পদ্দারানি মাঝি (৪৮)। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী গ্রামের দয়াল মাঝির স্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পদ্দারানি মাঝি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি বিভিন্ন এলাকা থেকে সবজি সংগ্রহ করে ছোট গোল্লা ও কৃষ্ণনগর গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করতেন। প্রতিদিনের মতো গত শনিবার সকালে তিনি সবজি বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু বিকেল পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন রবিবার সকালে উপজেলার মহব্বতপুর গ্রামের বৃন্দাবন এলাকায় একটি আবাদি জমির পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআর/আরএন