কুড়িগ্রামের রাজারহাটে অভিযান চালিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা একটি চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ঝাড়খোলা গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর শয়নকক্ষে সিমেন্টে বাঁধানো খাটের নিচে মাটির ভেতরে তৈরি একটি গর্তে লুকিয়ে রাখা চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন যন্ত্রাংশের সন্ধান পায় পুলিশ। পরে সেগুলো উদ্ধার করে জব্দতালিকা প্রস্তুত করা হয়। একই সঙ্গে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে উদ্ধার করা মালামালসহ থানায় নিয়ে যায় পুলিশ।
আব্দুর রাজ্জাক রংপুর-কুড়িগ্রাম আরকে রোডের মাঠের পাড় বাজারে সাইকেল মেরামতের ব্যবসা করেন। তবে উদ্ধার হওয়া অটোরিকশাটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।
পুলিশের দাবি, আব্দুর রাজ্জাক অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, আব্দুর রাজ্জাক শুধু অটোরিকশা চুরির সঙ্গেই জড়িত নন, তাঁর সঙ্গে একটি বড় চক্রও জড়িত রয়েছে। চক্রটি অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরি করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পিএম/আরএন