ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডুমুরিয়ায় ৩৫৩ প্রতিমায় ফুটে উঠেছে চার যুগের পৌরাণিক কাহিনি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৬:৩১ পিএম
X
Advertisement

সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি—এই চার যুগের নানা পৌরাণিক কাহিনি অবলম্বনে খুলনার ডুমুরিয়া উপজেলার পাশাপাশি দুটি মন্দিরে স্থান পেয়েছে ৩৫৩টি প্রতিমা। এবারের দুর্গোৎসবে দুর্গাপ্রতিমার পাশাপাশি ২০১টি প্রতিমা স্থাপন করা হয়েছে খুলনার ডুমুরিয়ার মিকশিমিলের খরসংঘ কালার বটতলা সার্বজনীন পূজামন্দিরে। এরই কাছাকাছি আরও ১৫২টি প্রতিমা তৈরি করা হয়েছে মিকশিমিল সাহাপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে।

খোঁজ নিয়ে জানা গেছে, খরসংঘ কালার বটতলা সার্বজনীন পূজামন্দিরে স্থান পেয়েছে মহাভারত, বেদ, গীতা, পুরাণ ও রামায়ণসহ সনাতন ধর্মীয় শাস্ত্রে বর্ণিত দেবদেবীদের নানা পৌরাণিক কাহিনি। এখানে ফুটিয়ে তোলা হয়েছে রাজা হরিশচন্দ্রের পরিণতি, শ্রীকৃষ্ণের বকাসুর বধ, অতীতে নিম্নবর্ণের মানুষের ওপর নির্মম অত্যাচার, হরিচাঁদ ঠাকুরের মানবসেবা, রামচন্দ্রের বনবাসসহ নানা ঘটনা।

অন্যদিকে, মিকশিমিল সাহাপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে তৈরি করা হয়েছে ১৫২টি প্রতিমা। সেখানে রয়েছে নয় রূপে দুর্গা, রাধাকৃষ্ণের যুগল মিলন, জগন্নাথদেবের রথযাত্রাসহ নানা পৌরাণিক ও ধর্মীয় আখ্যান। প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ায় দর্শনার্থীরা ইতোমধ্যে ভিড় করতে শুরু করেছেন। আয়োজকেরা জানিয়েছেন, ধর্মীয় গ্রন্থ ও পৌরাণিক কাহিনি সম্পর্কে মানুষকে ধারণা দিতেই তাঁদের এই উদ্যোগ।

খুলনা শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে ডুমুরিয়ার মিকশিমিলের খরসংঘ কালার বটতলা সার্বজনীন পূজামন্দির। মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়ে সারিবদ্ধ অসংখ্য প্রতিমা। বাম দিকে তাকালেই দেখা যায়, ক্ষীরসাগরে অনন্তশয্যায় শায়িত মহাবিষ্ণু। নাগদেবী তাঁকে সুশীতল ছায়া দিয়ে রেখেছেন। পাশেই রয়েছে ভগীরথের গঙ্গা আনয়নের সুপরিচিত কাহিনি। এরপর রয়েছে রাজা হরিশচন্দ্রের চণ্ডাল-পরিণতির দৃশ্য। আছে অহল্যার পাষাণমূর্তি, রাজা রামচন্দ্রের বনবাস, পরে পাদুকা স্থাপন করে রাজ্যশাসন এবং রাবণ কর্তৃক সীতাহরণের দৃশ্য।

খরসংঘ কালার বটতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সরকার জানান, মন্দিরের অন্য পাশে রয়েছে হনুমান ও ভীষ্মের প্রতি মহামায়ার উপদেশ, শ্রীকৃষ্ণের মাখন চুরি এবং বিখ্যাত বকাসুর বধের কাহিনি। এ ছাড়া তুলে ধরা হয়েছে অতীতে নিম্নবর্ণের মানুষের ওপর উচ্চবর্ণের মানুষের জুলুম-নির্যাতনের দৃশ্য। পাশাপাশি রয়েছে গোপালগঞ্জের ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর ও অস্ট্রেলীয় নাগরিক ড. সি. এস. মিডের সমাজসেবা এবং শিক্ষাবিস্তারে অবদানের কাহিনি।

এ মন্দির থেকে মাত্র ৫০০ গজ দূরেই মিকশিমিল সাহাপাড়া সার্বজনীন দুর্গামন্দির। সেখানে তৈরি করা হচ্ছে হনুমানজির ২০ ফুট উচ্চতার বিগ্রহ। মন্দির প্রাঙ্গণে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সনাতন ধর্মবিষয়ক সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক ভাষণের দৃশ্যও।

মিকশিমিল সাহাপাড়া মন্দির কমিটির কোষাধ্যক্ষ অপু সাহা বলেন, মন্দিরে নয়টি দুর্গাপ্রতিমার মাধ্যমে দেবীর নয়টি রূপ তুলে ধরা হয়েছে। এ ছাড়া রয়েছে রাধাকৃষ্ণের যুগল মিলন, ভগীরথের গঙ্গা আনয়ন ও সাত হাজার পুত্রের মুক্তির কাহিনি, দেবী দুর্গার রক্তবীজ বধের ঘটনা, মা কালীর উদ্দেশে রামপ্রসাদের অন্ন নিবেদন এবং শাঁখা পরানোর দৃশ্য। অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে ২০ ফুট উচ্চতার রাম, সীতা ও লক্ষ্মণের প্রতিমা। মন্দিরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছে ১৫২টি প্রতিমা। এগুলো দেখতে দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন। কেউ কেউ এসব দৃশ্য মুঠোফোনে ধারণ করছেন।

খুলনা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও মন্দিরভিত্তিক পৃথক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জনবল নিয়োজিত করার জন্য আবেদন করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য প্রয়োজনীয় সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার নয়টি উপজেলায় আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি মণ্ডপে পুলিশ সুপারের যোগাযোগ নম্বরসংবলিত ব্যানার থাকবে। এ ছাড়া সক্রিয় থাকবে নিয়ন্ত্রণকক্ষ।

উল্লেখ্য, এ বছর খুলনায় মোট ১ হাজার ১১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নয়টি উপজেলায় ৮৮৭টি এবং মহানগরের আটটি থানায় ১২৪টি পূজামণ্ডপে আয়োজন চলছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement