ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভূইগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, লিংক রোডের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া হাসপাতাল)-এর মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহত কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে সেখানে ফেলে যায়।
হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।
এসএস/আরএন