ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পিএম
X
Advertisement

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতেও বইটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, জীবনের লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সুস্থ শরীর ও সুস্থ জাতি গঠনে খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নতুন বইয়ে খেলাধুলার উপকারিতা, পুষ্টি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতিমধ্যে ডিও লেটার দিয়েছেন। শিক্ষকদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবেন।

রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বিগত ১৭ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি তাঁরা চান না। শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশের সভাপতিত্বে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমিনুল হক।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement