অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
৯ অক্টোবর ব্রিসবেনে প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন জর্জিয়া ভোল ও ফোবে ফিচফিল্ড। তবে ১৮ বলে ১৯ রান করে ভোল আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফিচফিল্ড ও বেথ মুনি।
দ্রুত ফিফটি তুলে নেওয়া ফিচফিল্ড ৫৭ বলে ৭৭ রান করে আউট হন। এরপর ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন মুনি। বাকি কাজটুকু সারেন এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। পেরি ২৬ এবং সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি এবং রাবেয়া খান একটি উইকেট নেন।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানা করেন মাত্র ৪ রান। শারমিন আক্তার ২৪ রান করে আউট হন।
দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে শবানা মোস্তারি ১৭ বলে মাত্র ২ রান করে আউট হলে সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। এরপর স্বর্ণাকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন জ্যোতি। তিনি ২৯ রান করেন, আর স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন রিতুমনি। এ ছাড়া নাহিদা আক্তার ১৯, রাবেয়া খান ১১ এবং হাবিবা ইসলাম ১ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। মেগান স্কুট শিকার করেন দুটি উইকেট। এ ছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট নেন।
এসএস