বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬ জন গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে তালিকাটি প্রকাশ করা হয়। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহলেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া গবেষকরা হলেন—ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম হোসাইন মন্ডল, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবর, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ুন কবির রুবেল, গণিত বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মশিউর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. আবু সালেহ মুছা মিয়া এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক জাকের হোসাইন।
এ ছাড়া তালিকায় রয়েছেন সাবেক উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি, ফিসারিজ বিভাগের অধ্যাপক মো. ইয়ামিন হোসাইন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মহিতোষ বিশ্বাস, মো. আতিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক হাসান আহমাদ, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং ইইই বিভাগের অধ্যাপক আতোয়ার রহমান।
তালিকায় স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। শুধু ইতিবাচকই নয়, এত গুণী ও স্কলার ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ে আছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমরা চেষ্টা করব গবেষণার ক্ষেত্রে এসব ব্যক্তিকে আরও বেশি উদ্ভাবনী কাজে আর্থিকভাবে সহায়তা করতে।’
তিনি আরও বলেন, ‘পাশাপাশি তাঁদের দেখে যেন আমাদের তরুণ বিজ্ঞানীরা অনুপ্রাণিত হন, সেই ব্যবস্থাও আমরা করব। এসব বিজ্ঞানী আসলে প্রচারবিমুখ। একটি বিশ্ববিদ্যালয়ে ১৬ জন এই র্যাংকের বিজ্ঞানী থাকা সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের। তাঁদের জন্য শুভকামনা রইল।’