প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাইভিত্তিক আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সচিবালয়ে কোম্পানিটির চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সই হওয়া ১৫ বছরের চুক্তির বিষয়ও উঠে আসে।
সহকারী প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদের কাছে বাংলাদেশে ‘ফ্রি ট্রেড জোন’ ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপন এবং নতুন বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহের কথা জানতে চান। জবাবে প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএন