ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে পানি এনে সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের সহায়তা, স্বাস্থ্যসেবা ও খাল খননসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ঢাকার পানির সংকট মোকাবিলায় বঙ্গোপসাগর থেকে পানি সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব। এ জন্য সব সরকারি কর্মকর্তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আব্দুল বারী বলেন, সরকারি কর্মকর্তাদের সৎ, দক্ষ ও নিরপেক্ষ হতে হবে। সরকার একটি জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলছে, যেখানে স্বচ্ছতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা হবে।
নতুন কর্মকর্তাদের প্রকল্প ব্যবস্থাপনা, স্থানীয় সম্পদ সংগ্রহ, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সব কর্মকর্তার জন্য ন্যূনতম একটি মৌলিক প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কর্তৃত্ববাদী মনোভাব নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। জনসাধারণের জন্য সরকারি কর্মকর্তাদের দপ্তরের দরজা সব সময় খোলা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। এ সময় কোর্স পরিচালক মো. গোলাম মাওলা, প্রশিক্ষণার্থী এবং মন্ত্রণালয় ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিআই