প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী রাবয় থেকে এ পদকের জন্য মনোনীত হয়েছেন।
সাড়ে ছয় বছর পর একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থী এ তালিকায় রয়েছেন। গত সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে তালিকাটি প্রকাশ করা হয়।
ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, রাবির ২৮ শিক্ষার্থী বিভিন্ন বিভাগ থেকে এ পদকের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া ও বায়োকেমিস্ট্রি বিভাগের মোছা. মরিয়ম খাতুন ৩.৯৮ সিজিপিএ নিয়ে সর্বোচ্চ ফল করেছেন।
এ ছাড়া এগ্রোনমি বিভাগের সুমাইয়া আফসানা সুমি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোবাশ্বিরা আনজুম, প্রাণিবিদ্যা বিভাগের আল-আমিন এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের রাবেয়া বসরী ৩.৯৭ সিজিপিএ পেয়েছেন।
মনোনীত শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের হাসমতুল্লাহ ৩.৯১, আইন বিভাগের আফসান এলাহী ৩.৮২, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রমজান আলী ৩.৯১, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুস্তাকিম খান ৩.৮২, উদ্ভিদবিজ্ঞান বিভাগের এশরাত জাহান এলা ৩.৯৬, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরিফুল ইসলাম ৩.৮৭, গ্রাফিক ডিজাইন বিভাগের মনিকা অ্যামেলিয়া ৩.৮৬, ইসলামিক স্টাডিজ বিভাগের শহীদুল্লাহ ৩.৮৯, মার্কেটিং বিভাগের শামীমা ইয়াসমিন শান্তা ৩.৭৫ এবং অর্থনীতি বিভাগের মোছা. এশরাত জাহান ৩.৯১ সিজিপিএ অর্জন করেছেন।
এ ছাড়া ভেটেরিনারি বিভাগের মোছা. আজমিরা খাতুন ৩.৯৬, আইসিই বিভাগের মো. জাবিদ হাসান ৩.৯২, গ্রাফিক ডিজাইন বিভাগের খাদিজাতুল কুবরা ৩.৮৮, সংগীত বিভাগের সমরেন্দ্র নাথ দাস ৩.৭৩, আইন বিভাগের মোছা. জান্নাতুন নাঈম মিতু ৩.৭৬, ফার্মেসি বিভাগের মোছা. জান্নাতুল মাওয়া ৩.৯৫, অ্যাকাউন্টিং বিভাগের মো. নাহিদ হাসান বধান ৩.৮৭, সমাজবিজ্ঞান বিভাগের মোছা. হোসনে আরা বেগম ৩.৫৩, ইইই বিভাগের শেখ হাসিব চেরাগী ৩.৯৫ এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মুনমুন নাহার ৩.৭৫ সিজিপিএ পেয়েছেন।
অন্যদিকে, রাবির মেডিকেল সায়েন্সেস বিভাগের অতুল মহার্জন ৮০ দশমিক ৭৯ শতাংশ এবং একই বিভাগের সোমি রাউনিয়ার ৭৮ দশমিক ৮৪ শতাংশ নম্বর পেয়েছেন। তাদের ফলাফল সিজিপিএর পরিবর্তে শতাংশ হিসেবে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ৩০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তিন শিক্ষাবর্ষের মধ্যে ২০১৯ সালের তালিকায় ১৭৮ জন, ২০২০ সালে ১৪১ জন এবং ২০২১ সালে ১৫০ জন শিক্ষার্থী রয়েছেন।
ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে খসড়া তালিকা পুনরায় যাচাইয়ের পর ৪৬৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউজিসিতে লিখিতভাবে জানাতে হবে।
বিদ্যমান নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ইউজিসি ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে।
এফএস