পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুরা মহল্লায় সুমন মিয়ার ভাড়া করা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কৃষাণী চিনিগুড়া চাল, কাশ্মিরি সুগন্ধি চাল, নিউ সান আইসক্রিমের কাপ, চকবার ও কোন, রোবো আইস পপ, ভেজাল মধু, নিউ সান হোয়াইট ডিটারজেন্ট পাউডার এবং সয়াবিন তেল।
এ ছাড়া ভেজাল ড্রিংকস ও জুস তৈরির বিভিন্ন কেমিক্যাল, হাই স্পিড ড্রিংক, আম ও লিচুর ক্ষতিকর ফ্লেভার, অননুমোদিত রং, বিভিন্ন মেশিনারিজ, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটার জব্দ করা হয়।
অভিযানকালে আল আমিন হাওলাদারকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি অপরাধ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়।
জব্দ করা নকল ও ভেজাল পণ্যগুলো পরে ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় সর্বসাধারণের সামনে ধ্বংস করা হয়।
অভিযানের সময় ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
আরএম/আরএন