
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই লাখ টাকায় ১৩ মাস বয়সী এক শিশুকে পাচারের উদ্দেশ্যে বিক্রির অভিযোগ উঠেছে তার বাবা ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটিকে ঢাকার দোহার থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভোরে ঢাকার দোহার থানার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী এলাকা থেকে শিশু মোজাহিদকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশু মোজাহিদ ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি (সুতি ভরট) এলাকার বাসিন্দা উজ্জল মিয়ার ছেলে। তার বয়স ১৩ মাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উজ্জল মিয়ার সঙ্গে রোজিনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিরোধের জেরে রোজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেন তিনি।
প্রায় পাঁচ মাস আগে রোজিনাকে মারধর করে তার শিশুসন্তানকে স্বামীর বাড়িতে রেখে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে রোজিনা গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করছিলেন।
এর মধ্যে গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে ঈশ্বরগঞ্জ থানার মাইজহাটি (সুতি ভরট) এলাকায় উজ্জল মিয়া ও তার স্বজনরা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসেন। পরে তাদের কাছে শিশু মোজাহিদকে দুই লাখ টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিশুটির মা। খবর পেয়ে ২৯ সেপ্টেম্বর রাতে রোজিনা স্বামীর বাড়িতে গিয়ে সন্তানকে বিক্রির বিষয়ে জানতে চাইলে আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত সোমবার (৫ অক্টোবর) শিশুটির মা রোজিনা বেগম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বুধবার (৭ অক্টোবর) শিশুটিকে উদ্ধারের পরে মামলাটি রুজু করা হয়। মামলায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬/৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, মামলার পর দ্রুত তদন্তে নেমে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার দোহার থানার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এজাহারনামীয় আসামি শিশুর দাদা উজ্জল মিয়া (৫০), দাদি আয়শা খাতুন (৪৫) ও ফুফু শরিফা খাতুন (৩৫) এবং তদন্তে সন্দেহভাজন আবেদ মোল্লা (৩৫) ও তার স্ত্রী শিখাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রোমন বলেন, মামলা রুজুর দ্রুত সময়ের মধ্যে পাচারকৃত ১৩ মাস বয়সী শিশু মোজাহিদকে ৭ অক্টোবর ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকার দোহার থানার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাচ্চাটি পুলিশ হেফাজতে আছে। আদালতের সিদ্ধান্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
টিআই