ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্মীয় দলগুলোর দিকে ঝুঁকছে বিএনপি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:১৭ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

দেশের রাজনীতিতে ইসলামী দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএনপি। বিশেষ করে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে দলটি।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলছেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস ও প্রত্যাশাকে বিবেচনায় রেখে রাজনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে তুলতে চায় বিএনপি। একই সঙ্গে দেশের উন্নয়ন, শিক্ষা, সামাজিক মূল্যবোধ, মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলটির নেতাদের ভাষ্য, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই ধর্মীয় মূল্যবোধ ও আলেম-ওলামাদের প্রতি সম্মান প্রদর্শন করে আসছে। বিভিন্ন সময়ে নির্বাচনী রাজনীতিতেও একাধিক ইসলামী দলের সঙ্গে বিএনপির রাজনৈতিক সমঝোতা ও জোট হয়েছে। ফলে ইসলামী দলগুলোর সঙ্গে বর্তমান যোগাযোগকে তারা নতুন কোনো রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন না; বরং দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন।

বিএনপির নেতারা মনে করেন, সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতির মাঠে বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য, পাল্টাপাল্টি প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা তথ্য-উপাত্তকে ঘিরে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাদের অভিযোগ, এসব প্রচারণার একটি অংশ বিএনপির সঙ্গে ধর্মীয় ও ইসলামী সংগঠনগুলোর দীর্ঘদিনের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হচ্ছে।

দলটির নেতাদের মতে, ধর্মের নাম ব্যবহার করে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হলে দায়িত্বশীল আলেম-ওলামা ও ইসলামী সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও জনকল্যাণের রাজনীতিতে যারা বিশ্বাস করেন, তাদের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছে বিএনপি।

এ ক্ষেত্রে হেফাজতে ইসলামের সঙ্গে সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে এ বিষয়ে একান্তে কথা বলেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপির নেতাদের দাবি, হেফাজতসহ বিভিন্ন ধর্মীয় ও ইসলামী সংগঠনের সঙ্গে দলটির দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ধর্মীয় মূল্যবোধ ও দেশের স্বার্থে পারস্পরিক যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছে দলটি।

এদিকে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়েও দলটির ভেতরে আলোচনা রয়েছে। বিএনপির নেতারা বলছেন, বিভিন্ন পক্ষের রাজনৈতিক বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণার জবাব সংঘাতের মাধ্যমে নয়, বরং জনগণের কাছে নিজেদের রাজনৈতিক অবস্থান, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করার মাধ্যমে দিতে চায় বিএনপি।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ডেইলি অবজারভারকে বলেন, “বিএনপি সবসময়ই ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বিগত প্রতিটি আন্দোলনেও সর্বমহলে গ্রহণযোগ্য ইসলামী দলগুলো আমাদের সঙ্গে ছিল। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রকৃত ইসলাম চর্চা করে এবং বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস রাখে, এমন দলগুলোকে নিয়ে দেশ গঠনের প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।”

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক এমপি বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল। তাই ইসলাম ও দেশের স্বার্থে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করা ভুল হবে না। তবে যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা সবসময় মোনাফেকি করে, তাদের সঙ্গে কোনো ঐক্য নয়।”

বিএনপি চেয়ারম্যানের অপর উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আমরাতো জামায়াতের সঙ্গেও সম্পর্ক বাড়াতে চাই। কিন্তু তারা যদি হঠাৎ হঠাৎ ক্রসরোডে গিয়ে দিক পরিবর্তন করে, তাহলে কী করার আছে! ১৯৮৬ সালে রোড পরিবর্তন করে এরশাদের পাতানো নির্বাচনে যাওয়া, ১৯৯৬ সালে ইউটার্ন দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন, এমনকি ২০০৭ সালেও বলেছে বিএনপির দায় আমরা নেব না। সবার আগে বাংলাদেশ চাই। ইসলামকে গুরুত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা সুসম্পর্ক আরও নিবিড় করতে চাই।”

বিএনপির নেতারা বলছেন, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্য কেবল রাজনৈতিক সমঝোতায় সীমাবদ্ধ নয়। দেশের উন্নয়ন ও জনকল্যাণে এসব সংগঠনকে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা, সামাজিক মূল্যবোধ, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে তাদের ইতিবাচক ভূমিকার সুযোগ রয়েছে বলে মনে করছে দলটি।

দলটির নেতাদের দাবি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদদের যথাযথ সম্মানের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি।

সব মিলিয়ে, ইসলামী দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার উদ্যোগকে বিএনপির বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবে দেখছেন দলটির নেতারা। তাদের মতে, নিয়মিত সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন বিভিন্ন সংগঠনকে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা সম্ভব।

জেবি/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement