সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশের কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে সবাইকে বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা বিভিন্ন ভবনের আদালত কক্ষে বিচারকার্য পরিচালনা করেন। ফলে বিচারপতি, মামলায় নিয়োজিত আইনজীবী এবং সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এর আগে প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা প্রবেশ করছেন, যা সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে।
এ অবস্থায় সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আরএন