চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি মিথ্যা ও গুজব বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর গ্রামের বাড়িতে আগুন লাগার একটি খবর ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন, শাহরাস্তি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুন লাগার যে খবরটি ইন্টারনেটে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা বিষয়টি খতিয়ে দেখেছি এবং সেখানে কোনো অগ্নিকাণ্ড বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।’
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকেও জানানো হয়েছে, তাদের কাছে এ ধরনের কোনো অগ্নিকাণ্ডের খবর আসেনি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকেও কোথাও পাঠানো হয়নি।
শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেছে—এমন তথ্য তাঁর জানা নেই।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এ ধরনের গুজবে কান না দেওয়ার এবং যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।