নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, অন্যান্য দিনের মতো আজও দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন দুই কর্মকর্তা। এর সঙ্গে নিজেদের আরও ৪ লাখ টাকা যুক্ত করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে ফিরছিলেন তারা।
পথে দুপুরের দিকে আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ব্যাংকের দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।
কেএইচ/আরএন