ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ড্রিল মেশিন দিয়ে মাথায় আঘাত করে হত্যা, আসামির যাবজ্জীবন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
X
Advertisement

নওগাঁয় কহিনুর বেগম ওরফে ফাহিমা (৪০) হত্যা মামলায় মোহাম্মদ সোহেল রানা ওরফে হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন নওগাঁর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক রাজু আহমেদ।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নায়ানন্দন দারোগাবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে। তিনি নওগাঁ সদর উপজেলার পারনওগাঁ ধোপাপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত কহিনুর বেগম একই এলাকার ইসরাইল শেখের স্ত্রী।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন কহিনুরের স্বামী ইসরাইল শেখ। এ সময় বাড়িতে একা ছিলেন কহিনুর। পূর্বপরিচিত ও পারিবারিক ঘনিষ্ঠতার কারণে সোহেল রানার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার দিন সেই পরিচয়ের সুযোগে তিনি কহিনুরের বাড়িতে প্রবেশ করেন।

পরে ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথায় গুরুতর আঘাত করে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান সোহেল রানা। পরে বাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের এক স্বজনের করা মামলায় তদন্ত শেষে সোহেল রানাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বিচারকাজে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য, চিকিৎসা-সংক্রান্ত প্রমাণ, নিহতের সঙ্গে আসামির পূর্বপরিচয় এবং ঘটনার সময়ের পারিপার্শ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নওগাঁর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান। তিনি বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে সোহেল রানার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আনা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছান।

অ্যাডভোকেট মাহফুজ আলম খান আরও বলেন, আদালত সোহেল রানা ওরফে হানিফকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ডের টাকা আদায় হলে তা মামলার এজাহারকারীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর দণ্ডিত সোহেল রানা ওরফে হানিফকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement