ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পটুয়াখালী আদালত প্রাঙ্গণে মারামারির ঘটনায় তদন্তের নির্দেশ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:০৯ পিএম
X
Advertisement

পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় দুই পক্ষের মারামারির ঘটনায় স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) মামলা নিয়েছেন আদালত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(গ) ধারায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি নেন। আগামী ২৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

আদালতের আদেশে বলা হয়, ইউটিউব ও সমাজিক প্রচার মাধ্যমে ভিডিওতে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় কয়েকজনকে ধস্তাধস্তি ও মারামারিতে জড়াতে দেখা যায়। ভিডিওতে আদালতের বারান্দায় দুই নারীর মারামারি এবং ঘটনাস্থলে একটি শিশুর উপস্থিতিও দেখা যায়।

আদালত মনে করেন, বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদ চলাচলের জায়গায় প্রকাশ্যে এ ধরনের ঘটনা আদালতের মর্যাদা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তবে ভিডিও দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়, মারামারির কারণ, তাঁরা কোনো মামলার পক্ষ কি না, কেউ আহত হয়েছেন কি না কিংবা কী ধরনের অপরাধ হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আদেশে বলা হয়েছে, ঘটনাটি দণ্ডবিধির ১৫৯ ও ১৬০ ধারায় বর্ণিত মারামারি (অ্যাফ্রে) অথবা পরিস্থিতি অনুযায়ী ৩২৩, ৩২৪ ও ৫০৬ ধারাসহ অন্য কোনো অপরাধের আওতায় পড়তে পারে। তবে তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

এ জন্য সদর থানার ওসিকে নিজে অথবা উপপরিদর্শকের নিচে নন এমন কোনো পুলিশ কর্মকর্তাকে দিয়ে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের সম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় প্রয়োজনে নারী পুলিশ সদস্যের সহায়তা নিতে বলা হয়েছে।

তদন্তে ঘটনার সময়, সূত্রপাত ও পুরো ঘটনাক্রম, জড়িত ব্যক্তিদের পরিচয়, তাঁদের কোনো বিচারাধীন মামলার সঙ্গে সংশ্লিষ্টতা, আহত ব্যক্তিদের চিকিৎসা সনদ, আদালত ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট ভিডিও সংগ্রহ করতে বলা হয়েছে।

পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া এবং ঘটনাস্থলে থাকা শিশুটির পরিচয় ও সে কোনো ঝুঁকি বা ক্ষতির মুখে পড়েছিল কি না, সেটিও তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশের অনুলিপি সদর থানার ওসি, পুলিশ সুপার ও কোর্ট ইন্সপেক্টরকে পাঠাতে বলা হয়েছে। বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও অবহিত করতে বলা হয়েছে। 

এই বিষয়ে পটুয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “আদালত প্রাঙ্গণ একটি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ স্থান। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এ মামলা বিচারপ্রার্থীদের জন্য একটি সতর্কবার্তা। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “মামলার নথি এখনো থানায় পৌঁছায়নি। নথি হাতে পাইলে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

-টিএস/আবদুল কাইউম
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement