যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল সোমবার সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। একই কারণে আজ মঙ্গলবার সকালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ কারণে পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘনঘন লোডশেডিং হচ্ছে। অল্প সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটি মেরামত করে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে। ইউনিটটি চালু থাকলে সেখান থেকে ৬৫ থেকে ৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো।
জিএম/আরএন