নড়াইলের নড়াগাতীতে নুর আরাফাত মোল্যা (২৪) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বাওইসোনা ইউনিয়নের দেবদুন গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত নুর আরাফাত মোল্যা দেবদুন গ্রামের মোকিদুল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিপক্ষের কয়েকজন লোক আরাফাতকে তার বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। বাড়ির কাছাকাছি যাওয়ার পর তারা ধারালো অস্ত্র দিয়ে আরাফাতের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
আরাফাতকে রক্ষা করতে পরিবারের নারী সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। এ সময় তাদের মারধর ও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর দেবদুন গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এফএস