শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয় ১৫০ জন শিশু। এ সময় শিশুদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের জন্য রয়েছে নানা আয়োজন। শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক উপহার প্রদান এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। এতে দেশের বিভিন্ন এলাকার শিশুদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা জানার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ও ফটো গ্যালারিও পরিদর্শন করবেন তিনি।
শিশুদের সৃজনশীলতা, অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এবারের আয়োজন করা হয়েছে। আয়োজনে শিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
অনুষ্ঠানের মূল আয়োজন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমির শিশু জাদুঘর ভবনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করবেন তিনি।
এবারের শিশু অধিকার দিবসের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ এবং অধিকার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিও এবারের আয়োজনকে বিশেষ তাৎপর্য দিয়েছে। দীর্ঘ পাঁচ দশক ধরে শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও মানসিক বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুবর্ণজয়ন্তীর এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অধিকার ও কল্যাণে ভবিষ্যৎ কার্যক্রম আরও জোরদারের প্রত্যাশা করা হচ্ছে।
এফএস