এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীর পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ছড়ারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হালদা নদীর সংযুক্ত খালে কারখানার দূষিত পানি সরাসরি নির্গমন করে পরিবেশ দূষিত করার অভিযোগের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ওই এলাকার গ্লোবাল এন্টারপ্রাইজ, আল রাজিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র ছাড়াই কেমিক্যাল গুদামজাতকরণ এবং কেমিক্যালযুক্ত পানি সরাসরি ড্রেনের মাধ্যমে ছড়ারকুল খালে ফেলার সত্যতা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের প্রসিকিউশন টিম এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, হালদা নদীর পরিবেশ সুরক্ষায় নদীর সংযুক্ত খাল-ছড়ায় কেমিক্যাল, অপরিশোধিত বর্জ্য কিংবা যেকোনো দূষণকারী পদার্থ নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হালদা নদীর পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
ইউএন/আরএন