ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ৩৬ শিক্ষার্থী অসুস্থ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ পিএম
X
Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা প্যাকেটজাত দুধ পান করে ৩৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুরে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের মাথা ঘোরা, পেটব্যথা, খিঁচুনি ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ‘আরডি’ ব্র্যান্ডের প্যাকেটজাত দুধ বিতরণ করা হচ্ছিল। এ সময় কয়েকটি প্যাকেটে ফুটো এবং কিছু প্যাকেটের দুধ দইয়ের মতো জমাট অবস্থায় দেখতে পান শিক্ষকরা। বিষয়টি তারা প্রধান শিক্ষক ও স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানান।

প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, দুধের প্যাকেটে সমস্যা থাকায় তারা শিক্ষার্থীদের দুধ পান না করানোর পরামর্শ দেন। পরে মনোয়ার হোসেন বিদ্যালয়ে এসে নিজে দুধ পান করে পরীক্ষা করেন এবং দুধে কোনো সমস্যা নেই বলে জানান। এরপর শিক্ষার্থীদের দুধ পান করতে বলা হয়।

শিক্ষার্থীরা দুধ পান করার প্রায় পাঁচ মিনিটের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটব্যথা, মাথা ঘোরা ও খিঁচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে একে একে অসুস্থ শিক্ষার্থীদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন বলেন, “আমরা দুধের প্যাকেটে সমস্যা থাকায় ওই দুধ খেতে চাইনি। কিন্তু দুধের স্যার (মনোয়ার হোসেন) জোর করে খেতে বলেন। পরে দুধ খাওয়ার পর থেকেই আমার মাথা ও পেটব্যথা শুরু হয়। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পরে আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়।”

বিদ্যালয়ের শিক্ষক তসলিমা খাতুন বলেন, “দুধ বিতরণের সময়ই আমরা কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধ দইয়ের মতো দেখতে পাই। বিষয়টি প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে দুধ বিতরণ না করার জন্য বলেছিলাম। কিন্তু কর্মকর্তা মনোয়ার হোসেন এসে নিজে দুধ খেয়ে সবাইকে খেতে বলেন। এরপরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।”

রাত সাড়ে ৮টা পর্যন্ত ৩৬ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়। খবর পেয়ে রাত ৮টার দিকে হাসপাতালে ছুটে আসেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী মিঞা, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন।

অসুস্থ শিক্ষার্থী জুনায়েদের বাবা আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটলেও সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তিনি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ দায়ীদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে সরবরাহকারী প্রতিষ্ঠানের ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা কর্মকর্তা মনোয়ার হোসেনকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

পরে রাত ৯টার দিকে হাসপাতালে আসেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “এখন পর্যন্ত ৩৬ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। অনেকেই সুস্থ বোধ করায় বাড়ি ফিরে গেছে। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি। তবে কোন খাবার খেয়ে এমনটা হয়েছে, তা জানতে আমরা দুধ ও পাউরুটির নমুনা সংগ্রহ করেছি। আগামীকাল ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে।”

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। আমরা ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে চাই। তদন্তে সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১০টা পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী সুস্থ বোধ করায় বাড়ি ফিরে গেছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এইচআর/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement