সাতক্ষীরার তালা উপজেলায় মাদকের তথ্য দেওয়ায় এক গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—হাজরাকাটি গ্রামের ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁ।
স্থানীয় সূত্রে জানা গেছে, খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখ মাদকবিরোধী অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এর আগে কয়েকজন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে ক্ষুব্ধ হয়ে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারের একটি চায়ের দোকানের সামনে কয়েকজন সোহেল শেখের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তাকে লাঠি দিয়ে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে অভিযুক্তদের গ্রেপ্তারে হাজরাকাটি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় একজনকে আটক করা হলে মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয় বলে পুলিশের দাবি। পরে তারা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এরপর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে আটক করে পুলিশ।
তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা অভিযোগ ও জিডির ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছিল। এ সময় পুলিশের কাজে বাধা দিয়ে সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করা হয়। ঘটনায় সরকারি কাজে বাধা এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এফএস