নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের পর ঘুরতে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগের পর পুলিশ আশিক (২২), শাকিল ইসলাম বাঁধন (২০) ও কাজল (২২) নামে তিন যুবককে হেফাজতে নিয়েছে।
পুলিশ জানায়, প্রায় এক মাস আগে আশিকের সঙ্গে ওই ২৩ বছর বয়সী তরুণীর মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। শনিবার তারা গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যান। পরে লালপুর ডিগ্রি কলেজ মাঠ এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে আশিক ও তার দুই সহযোগী তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
পরদিন ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে ঘটনার ভিডিও পাঠিয়ে ১৫ হাজার টাকা দাবি এবং টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে পুলিশকে জানানো হলে তিনজনকে হেফাজতে নেওয়া হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফএস