ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিথী আক্তার (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ভিডিওতে ওই নারীকে নিজের শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
মঙ্গলবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে বিথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক নারীকে তার শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করতে দেখা যায়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর নগরকান্দা থানা পুলিশের একাধিক দল এর সত্যতা ও ভিডিওটির উৎস অনুসন্ধানে নামে।
এরই মধ্যে শিশুটির ফুফু থানায় ফোন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে পুলিশ দ্রুত রাধানগর গ্রামে অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে।
পুলিশ জানায়, অভিযুক্ত নারীর ৯ বছর বয়সী ছেলে আবীর এবং ৭ বছর বয়সী আরেক ছেলে রয়েছে। তাদেরও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কোনো পারিবারিক বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ভিডিওটির উৎস ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়েও তদন্ত চলছে।