রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় মিজানুর রহমান (৫৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ নামের স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ডিবি জানিয়েছে, মিজানুর রহমানকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতেই মিজানুরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া মামলাটি করেন।
মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম থাকা অন্য আসামিরা হলেন শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
এফএস