গাজীপুরের পূবাইলে অজ্ঞাত গাড়ির চাপায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনি নিহত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মহানগরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোররাতে সড়কের পাশে হাঁটার সময় একটি অজ্ঞাত গাড়ি মা-মেয়েকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তারা সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক রুজুকাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে ইয়ামনিও মারা যায়।
নিহত রুজুকা শেরপুরের শ্রীবরদী উপজেলার বাগহাতা গ্রামের মনির হোসেনের স্ত্রী। মা-মেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের সালনা বাজার এলাকায় একটি আবাসিক কলোনিতে বসবাস করছিলেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএফ