
সংগৃহীত ছবি
চলতি করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা বিশেষ করছাড়ের সুবিধা পাবেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা, যেটি কম, সেই পরিমাণ করছাড় পাওয়া যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, রিটার্ন দাখিলের সময় যে কর পরিশোধ করতে হবে, মূলত সেই করের ওপরই ছাড় প্রযোজ্য হবে। এর আগে পরিশোধ করা অগ্রিম কর, উৎসে কেটে রাখা কর কিংবা বেতন থেকে কর্তন করা করের ওপর এই সুবিধা পাওয়া যাবে না।
ধরা যাক, কোনো করদাতার রিটার্ন অনুযায়ী পরিশোধযোগ্য করের পরিমাণ ৩০ হাজার টাকা। সে ক্ষেত্রে ৫ শতাংশ হিসাবে করছাড় হবে ১ হাজার ৫০০ টাকা। ফলে করদাতাকে পরিশোধ করতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।
সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে এই করছাড়ের সুবিধা পাওয়া যাবে। তবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে এই প্রণোদনা থাকবে না। পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আইন অনুযায়ী অতিরিক্ত কর আরোপ হতে পারে।
চলতি করবর্ষে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা রয়েছে। তবে নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।
দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট—প্রথম দুই মাসে প্রায় সাড়ে ৪ লাখ রিটার্ন জমা পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিয়ে করছাড়ের সুবিধা নেওয়ার সুযোগ থাকায় শেষ মুহূর্তে চাপ এড়াতে আগেভাগেই রিটার্ন দাখিলের পরামর্শ দেওয়া হচ্ছে।