কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করতে গিয়ে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) ও বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়। তাঁর আটকের খবর পেয়ে রাত ২টার দিকে সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন। পুলিশ তাদের নিষেধ করার পরও একইভাবে তদবির চালিয়ে যাওয়ায় তাদের আটক করা হয়।
মিরপুর উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম বলেন, চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম থানায় গিয়ে তদবির করার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তাঁর দাবি, যাকে ছাড়াতে সিরাজুল গিয়েছিলেন, তিনি জামায়াতের কর্মী এবং ২০২৩ সাল থেকে জামায়াতের সঙ্গে যুক্ত।
তবে মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও আটজন নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এসএস