ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেঘনা নদীতে নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের এখনো সন্ধান মেলেনি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের এখনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে আবারও অভিযান শুরু করেছেন ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এর সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধিরাও যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কাছাকাছি মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় রায়েসা বেগম (৫৬) নামে এক নারী নিহত হন। স্থানীয়দের সহায়তায় মাঝিসহ আটজন তীরে উঠতে সক্ষম হলেও একই পরিবারের চারজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের হেলাল মিয়া (৪৫), তাঁর মেয়ে সামিয়া (১৯), ছেলে সজীব (২২) ও শিশু শামীম (৬)।

জানা গেছে, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের এক স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হোমনা পৌরসভার শ্রীমদ্দি গাঙ্কুলবাড়ি-সংলগ্ন তিতাস নদীর তীর থেকে ১৩ জন স্বজন একটি ইঞ্জিনচালিত ট্রলারে রওনা হন।

বেলা ৩টার দিকে তাঁরা বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। তীব্র বাতাস ও উত্তাল ঢেউয়ের ধাক্কায় তীরের কাছাকাছি ট্রলারটি উল্টে যায়।

দুর্ঘটনার পর বৃহস্পতিবার দিনভর নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হয়। রাত ৩টা পর্যন্ত অভিযান চালানোর পর সেদিনের মতো তা স্থগিত করা হয়।

শুক্রবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়েছে। অভিযানের একপর্যায়ে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নদীর মাঝখানে ট্রলারটির সন্ধান পাওয়ার পর সেটি উদ্ধারের প্রস্তুতি চলছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, বর্তমানে বৃষ্টি ও বাতাসের পাশাপাশি নদীতে প্রচুর স্রোত রয়েছে। এ কারণে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। এরই মধ্যে বিআইডব্লিউটিএর প্রতিনিধিরাও অভিযানে যুক্ত হয়েছেন। নদীর মাঝখানে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেছে। সেটি দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে নিহত রায়েসা বেগমের লাশ বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুরে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

নিখোঁজ চারজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কেএইচ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement