সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও নিজেদের কর্মকাণ্ড আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ‘আলু-পটোলের’ মতো পণ্য হিসেবে বিক্রি করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
রুহুল আমিন গাজীর স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তবে শেখ হাসিনার কাছে তার মুক্তিযুদ্ধের পরিচয় গুরুত্ব পায়নি।
রিজভীর দাবি, গাজী গণতন্ত্রের পক্ষে ছিলেন, ইসলামকে সমর্থন করতেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরোধিতা করতেন। এ কারণে তাকে দীর্ঘ সময় রিমান্ড ও কারাগারে থাকতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বিগত সরকারের সময়ে ভিন্নমতাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার কাছে কে তার পক্ষে এবং কে বিপক্ষে, এটাই ছিল প্রধান বিবেচ্য। তার বিরোধিতা করলেই কাউকে মুক্তিযুদ্ধবিরোধী হিসেবে চিহ্নিত করা হতো বলে তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ অনেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।
রুহুল আমিন গাজীর চিকিৎসা নিয়ে অভিযোগ করে রিজভী বলেন, যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্ষেত্রেও একইভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করার ঘটনা ঘটেছিল।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ওই সময়ে অনেক সাংবাদিক সরকারের পক্ষে কাজ করেছেন। তবে রুহুল আমিন গাজী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে জীবনের বিভিন্ন সময়ে নিপীড়নের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
দেশে যাতে আর কোনো কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী।
আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গে তিনি বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, শেষ পর্যন্ত তাদের পরিণতি এমনই হয় তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসএস