পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখের অসঙ্গতি এবং কথিত নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে রবিউল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককে চার দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক বিনয় কুমার রায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাবিউলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা রবিউলকে তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর উত্তরা এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি ১৪ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।
আবেদনে আরও বলা হয়, রবিউলের ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে জন্মতারিখে মিল নেই। বাংলাদেশে তার বারবার আসার কারণ নিয়েও তিনি ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন বলে পুলিশের দাবি। এ ছাড়া সাম্প্রতিক কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিউল এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এক বন্ধুর সঙ্গে পোশাকের ব্যবসা করতে নিয়মিত বাংলাদেশে আসেন। বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগও অস্বীকার করেন তিনি। তার দাবি, অনেক আগে নথিগুলো তৈরি হওয়ায় সেগুলোতে জন্মতারিখের অসঙ্গতি হয়েছে।
রিমান্ড শুনানির সময় রবিউলের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এমএএল/এসএস