সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোস্তাফিজুর রহমান (৫২)। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে। তিনি আতাইকুলা থানা এলাকায় ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সামনে থাকা আরএফএল-এর একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা খায়। দুর্ঘটনায় সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।
শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, নিহত মোস্তাফিজুর রহমান আতাইকুলা থানা এলাকায় ফায়ার সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।
এসবি/আরএন