জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে ১০ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে দলটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সিইসির কাছে স্মারকলিপি দেয় দলটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল।
স্মারকলিপিতে বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের মাধ্যমে জনগণ স্থানীয় পর্যায়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নাগরিকদের দৈনন্দিন জীবন, যোগাযোগ, অবকাঠামো, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি ভূমিকা পালন করে।
বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠনের সাংবিধানিক ভিত্তি নির্ধারণ করা হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনে নাগরিকদের কার্যকর অংশগ্রহণ গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান।
এতে আরও বলা হয়েছে, দেশের বিপুলসংখ্যক নাগরিক বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত। তারা রেমিট্যান্সযোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং নিয়মিত দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। বিগত জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাদের অনেকের স্থায়ী ঠিকানা, পরিবার, সম্পত্তি, ব্যবসা ও সামাজিক সম্পর্ক নিজ নিজ নির্বাচনি এলাকার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। কিন্তু বিদেশে অবস্থানের কারণে এসব বাংলাদেশি নাগরিক স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগ করার সুযোগ থেকে বাস্তবে বঞ্চিত হন। ফলে দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি বৃহৎ জনগোষ্ঠীর স্থানীয় গণতান্ত্রিক অংশগ্রহণ সীমিত থাকে।
স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা এরই মধ্যে আইনগত কাঠামোর মধ্যে এসেছে। নির্বাচন কমিশনও বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থা প্রবর্তন করেছে।
এতে দলটি দাবি করে, জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা, ভোটার পরিচয় যাচাইয়ের ব্যবস্থা এবং প্রযুক্তিগত অবকাঠামো কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রবাসী ভোটারদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা সম্ভব। প্রয়োজনে সংশ্লিষ্ট স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধিমালা সংশোধন, নতুন বিধান প্রণয়ন অথবা নির্বাচন কমিশনের সুপারিশের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা যেতে পারে।
টিআইএস