আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমান- এই ৩ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ মামলায় এক দিনের রিমান্ড শেষে মাকসুদা ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামির পক্ষে কোনো আবেদন ছিল না বলে জানান তিনি।
এর আগে গতকাল তার একদিনের রিমান্ডের নির্দেশ দেন আদালত। অপরদিকে গাজী নজরুলকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
এসএস