বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল পরিস্থিতির কারণে নিরাপদ আশ্রয়ে ফিরেছে শত শত ফিশিংবোট। কিছু বোট সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে, অন্যগুলোও উপকূলের দিকে ফিরছে। এদিকে আবহাওয়া বিভাগ ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বঙ্গোপসাগরে বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিংবোট রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা ও পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন এলাকায় এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। কিছু বোট এখনও উপকূলের দিকে ফিরছে।
শরণখোলার রায়েন্দা মৎস্যঘাটের আড়তদার কবীর হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফিশিংবোটগুলো গত দুই দিন ধরে সাগরে না গিয়ে রায়েন্দা মৎস্যঘাটে নোঙর করে আছে।
সাগরসংলগ্ন দুবলার মেহেরআলী লাইট হাউসের কর্মী সবুজ হাওলাদার মঙ্গলবার দুপুরে জানান, সাগর খুবই উত্তাল। ঝড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মাছ ধরতে না পেরে ফিশিংবোটগুলো উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। কয়েকটি বোট সুন্দরবনের মেহেরআলী খালেও আশ্রয় নিয়েছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা বৈরী আবহাওয়ার কবলে পড়ছেন। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটগুলো উপকূলের দিকে ফিরে আসছে।
দুবলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিলটন রায় জানান, বৈরী আবহাওয়ার কারণে বর্তমানে সাগরে কোনো ফিশিংবোট নেই। দুবলারচর এলাকায় প্রবল ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।
এসএমএস/এসএস