ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আটক ৫ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দিল বিএসএফ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম
X
Advertisement

পাট কিনে নৌকায় করে ফেরার পথে ভুলবশত ভারতের সীমান্তে চলে যাওয়ায় বিএসএফের হাতে আটক পাঁচ বাংলাদেশিকে ১১ দিন পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিজিবির আলাইপুর ক্যাম্পের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুলবশত ভারতীয় সীমান্তে চলে যান বাঘা উপজেলার দুই মাঝিসহ তিন পাট ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।

পরে বাংলাদেশ বিজিবির আলাইপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, তাদের ফেরত দেওয়া হবে না। সরকারিভাবে আবেদন করে তাদের ফেরত নিতে হবে।

পরে আটক ব্যক্তিদের স্বজনরা রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সঙ্গে যোগাযোগ করেন।

সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ১৩ সেপ্টেম্বর সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের তাদের ফিরিয়ে আনার বিষয়ে আশ্বস্ত করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর বাংলাদেশ বিজিবির আলাইপুর ক্যাম্পের মাধ্যমে ১১ দিন পর তাদের ফেরত দেয় বিএসএফ।

মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫), একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) এবং সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।

বিএসএফের হাতে আটক পাঁচ বাংলাদেশি ১১ দিন পর দেশে ফিরে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদসহ স্থানীয়দের সঙ্গে ছবি তোলেন।

এ বিষয়ে বিএসএফের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোশারফ হোসেনের বাবা গোলাম মোস্তফা বলেন, “এমপি ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দিয়েছেন। এর আগে তিনি ফিরিয়ে আনার ব্যাপারেও আশ্বাস দিয়েছিলেন।”

এদিকে মুক্তিপ্রাপ্ত আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, “আমার ভাইসহ পাঁচজনকে ভারতের রানীনগর থানায় রাখা হয়েছিল। ১১ দিন সেখানে থাকার পর মুক্তি পেয়ে তারা আমাদের কাছে ফিরে এসেছেন।”

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, “বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করে তাদের আমাদের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে।”

এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর তাদের ফেরত আনার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত হয়ে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement