চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট নার্সিং হোমে ভুল চিকিৎসায় এক রোগীর গর্ভের পাঁচ মাস বয়সী সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের দক্ষিণ পাশে অবস্থিত চৌধুরীহাট নার্সিং হোমে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পেটের ব্যথা নিয়ে পম্পি দাস (৩১) নামের এক গর্ভবতী নারীকে ওই নার্সিং হোমে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শারমিন তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর থেকেই ওই রোগীর রক্তক্ষরণ শুরু হয়। পরে তিনি মৃত সন্তান প্রসব করেন।
ভুক্তভোগী পম্পি দাসের স্বামী টুটুল দাস জানান, কর্তব্যরত চিকিৎসক শারমিনের ভুল চিকিৎসার কারণে তাঁর স্ত্রীর গর্ভের পাঁচ মাস বয়সী সন্তানের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “নার্সিং হোমে ভর্তির আগে আমার বাচ্চার নড়াচড়া ছিল। তারা আমার বাচ্চা মেরে এখন সমঝোতা করতে চাইছে। কিন্তু আমি বাচ্চার মৃত্যুর বিচার চাই।”
চৌধুরীহাট নার্সিং হোমের ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম জানান, “এ ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানান, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার তানভীর আহতম জানান, চৌধুরীহাট নার্সিং হোমে ভুল চিকিৎসায় এক রোগীর পাঁচ মাস বয়সী গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগের ঘটনা তিনি শুনেছেন। তবে ঘটনাস্থলে ওসি স্যারসহ পুলিশের একটি টিম গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
ইউএন/আরএন